কৃষকবন্ধুদের জন্য বড় ঘোষণা! ১৫ ফেব্রুয়ারির মধ্যে টাকা দেওয়ার সময়সীমা বেঁধে দিলেন মন্ত্রী – বর্তমান নিউজ

বিধানসভা নির্বাচনের আগে কৃষকবন্ধু প্রকল্পের বকেয়া টাকা কৃষকদের হাতে পৌঁছে দিতে কড়া নির্দেশ দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার নবান্নে আয়োজিত পর্যালোচনা বৈঠকে তিনি স্পষ্ট জানান, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে খরিফ মরসুমের বরাদ্দ অর্থ প্রদান সম্পন্ন করতে হবে। কোনো কৃষকের আধার বা কেওয়াইসি সংক্রান্ত সমস্যা থাকলে কৃষি আধিকারিকদের সরাসরি তাঁদের বাড়িতে গিয়ে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি শস্যবিমা ও কৃষি সহায়ক যন্ত্রের বণ্টন দ্রুত শেষ করার ওপর জোর দিয়েছেন মন্ত্রী। এছাড়া ধানের ফলন বাড়াতে জমিতে জিঙ্কের পরিমাণ বৃদ্ধি এবং কৃষি বিজ্ঞানীদের পরামর্শ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গ্রিভান্স সেলে জমা পড়া অভিযোগগুলো খতিয়ে দেখে অগ্রাধিকারের ভিত্তিতে তা নিস্পত্তি করার জন্য জেলা আধিকারিকদের বার্তা দিয়েছেন তিনি।