কর বকেয়া হায়দরাবাদে জয়ললিতার বাংলোয় তালা ঝোলাল পুরসভা

হায়দরাবাদের অভিজাত এলাকায় অবস্থিত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার প্রাসাদোপম বাংলোটি সিল করে দিল হায়দরাবাদ পুরসভা। ২০১৭ সাল থেকে প্রায় ১.৫ কোটি টাকার সম্পত্তি কর বকেয়া থাকায় মঙ্গলবার এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৬ সালে এআইএডিএমকে নেত্রীর প্রয়াণের পর থেকে ওই সম্পত্তির কর মেটানো হয়নি বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।
পুর কর্তৃপক্ষ জানিয়েছে, বকেয়া অর্থ পরিশোধের জন্য সংশ্লিষ্ট সম্পত্তির দায়িত্বে থাকা ব্যক্তিদের একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল। মঙ্গলবার কর মেটানোর শেষ সময়সীমা থাকলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। উল্লেখ্য, এই বাংলোটি এক সময় ব্যাংক জালিয়াতি মামলায় অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া লিজ নিয়েছিলেন।
হায়দরাবাদ পুরসভার কমিশনার আরভি কারনান জানান, কর খেলাপিদের বিরুদ্ধে বর্তমানে শহরজুড়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আইন মোতাবেক এই বাংলোটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বকেয়া টাকা জমা না দেওয়া পর্যন্ত সম্পত্তিটি পুরসভার নিয়ন্ত্রণে থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।