করাচিতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: শিশুসহ নিহত ১৬, আহত বহু

পাকিস্তানের করাচির ওল্ড সোলজার বাজার এলাকায় এক আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে রমজানের সেহেরি প্রস্তুতির সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ জন শিশু রয়েছে যাদের বয়স দুই থেকে ১৭ বছরের মধ্যে। বিস্ফোরণের তীব্রতায় জীর্ণ ভবনটির একটি বড় অংশ ধসে পড়েছে।
পুলিশ ও উদ্ধারকারী দল জানায়, ভবনের প্রথম তলায় গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ ঘটে। করাচিতে চলমান গ্যাস সংকটের কারণে বাসিন্দারা এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল, যা থেকে এই বিপর্যয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার করা হচ্ছে এবং এখন পর্যন্ত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দমকল বাহিনী ও উদ্ধারকারীরা এখনও ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছেন। গত মাসেও করাচির একটি শপিং প্লাজায় অগ্নিকাণ্ডে ৭৯ জনের মৃত্যু হয়েছিল, যার রেশ কাটতে না কাটতেই এই নতুন বিপর্যয় শহরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।