কমিশন নিযুক্ত উত্তর দিনাজপুরের জেলাশাসকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূলের – বর্তমান নিউজ

নির্বাচন কমিশন কর্তৃক উত্তর দিনাজপুরের জেলাশাসক হিসেবে বিবেক কুমারের নিয়োগ নিয়ে তীব্র আপত্তি জানাল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ এবং মহম্মদ তৌসিফ রহমান দাবি করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এমন ব্যক্তিদের বসানো হচ্ছে যাদের পারিবারিক রাজনৈতিক যোগসূত্র রয়েছে। উত্তর দিনাজপুরের মতো একটি অত্যন্ত সংবেদনশীল জেলায় এই ধরনের নিয়োগ নিয়ে তারা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তৃণমূলের অভিযোগ, জেলাশাসক বিবেক কুমারের বাবা বীরেন্দ্রকুমার সিং নবীনগরের প্রাক্তন জেডিইউ বিধায়ক এবং ঔরঙ্গাবাদের প্রাক্তন সাংসদ। যেহেতু জেডিইউ বর্তমানে এনডিএ জোটের একটি সক্রিয় অংশীদার, তাই বিবেক কুমারের নিয়োগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে শাসক দল আশঙ্কা প্রকাশ করেছে। এর আগেও সাধারণ ও পুলিশ পর্যবেক্ষক পদে নিযুক্ত পাঁচজন ব্যক্তির পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে তথ্য প্রমাণ সহ সরব হয়েছিল তৃণমূল।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনিক কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা জরুরি। বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ব্যক্তিদের কৌশলগতভাবে জেলা ও নির্বাচন পরিচালনার দায়িত্বে বসানো হচ্ছে বলে তারা সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই নিয়োগের ফলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বিঘ্নিত হতে পারে বলে তৃণমূল নেতৃত্ব উদ্বেগ প্রকাশ করেছেন।