এআই ভিডিওতে উন্নয়নের রূপকথা: ডিজিটাল প্রচারে চমক সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থীর – বর্তমান নিউজ

সোশ্যাল মিডিয়ার যুগে নির্বাচনি প্রচারকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম। তাঁর রাজনৈতিক জীবনের সংগ্রাম এবং গত এক দশকের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে ১০ পর্বের একটি বিশেষ ‘এআই ভিডিও সিরিজ’ প্রকাশ করেছেন তিনি। বিদেশি পর্যটক ও এক প্রবীণ ব্যক্তির কথোপকথনের মাধ্যমে সাজানো এই সিরিজের চারটি পর্ব ইতিমধ্যে অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে।
চিরাচরিত সভার পাশাপাশি নেটিজেনদের কাছে পৌঁছাতে এই হাইটেক পদ্ধতি বেছে নিয়েছেন বিধায়ক। ভিডিওগুলোতে কামালগাজির ভোল বদল, নারী সুরক্ষা এবং নরেন্দ্রপুর থানা গঠনের ইতিহাস তুলে ধরা হয়েছে। তৃণমূলের দাবি, জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ সময়ের কাজের খতিয়ান সাধারণ মানুষের স্মৃতিতে সজীব রাখতেই এই উদ্ভাবনী প্রয়াস।
তবে তৃণমূলের এই ডিজিটাল উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিরোধী শিবিরের দাবি, উন্নয়নের পাশাপাশি এলাকায় জলাজমি দখল ও অগ্নিদগ্ধ হওয়ার মতো নেতিবাচক ঘটনাগুলোও ভিডিওতে থাকা উচিত ছিল। অন্যদিকে, বামেরা আপাতত প্রথাগত জনসংযোগেই গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে, সোনারপুরের ডিজিটাল প্রচার ঘিরে সরগরম স্থানীয় রাজনীতি।