উসমান তারিকের স্পিন ছোবল সামলানোর আগে নামিবিয়ার এরাসমাসের জালে নাকাল টিম ইন্ডিয়া

নিউজ ডেস্ক : পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিকের মুখোমুখি হওয়ার আগেই মহড়া দিতে গিয়ে বড়সড় ধাক্কা খেল ভারত। দিল্লির মাঠে নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড এরাসমাসের স্পিন বিষে নীল হলেন ঈশান কিষান ও হার্দিক পাণ্ডিয়ারা। এরাসমাসের বোলিং অ্যাকশন হুবহু উসমানের মতো হওয়ায় ভারতীয় ব্যাটারদের অস্বস্তি আরও বেড়েছে। মাঝের ওভারে দ্রুত উইকেট হারিয়ে বড় রানের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া সাধারণ সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ পাকিস্তানের বিরুদ্ধেও এমন ব্যাটিং বিপর্যয় ঘটলে জয় ছিনিয়ে আনা কঠিন হবে।
বোলিংকে শখ হিসেবে নেওয়া এরাসমাস যেভাবে ভারতের নামী ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরালেন, তা আসন্ন হাই-ভোল্টেজ ম্যাচের আগে বড় সতর্কবার্তা। মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নেওয়া এই ‘ডুপ্লিকেট’ উসমান বুঝিয়ে দিলেন যে, সাইড-আর্ম অ্যাকশন ও বল ছাড়ার আগের বিরতি পড়তে না পারলে ভুগতে হবে গোটা দলকে। গৌতম গম্ভীরের শিষ্যরা যদি এখনই এই বোলিং কৌশল সামলানোর টোটকা না খুঁজে পান, তবে ১৫ ফেব্রুয়ারির মহারণে উসমান তারিকের স্পিন ভারতের বিশ্বজয়ের স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।