উদয়নারায়ণপুরে সিপিএম প্রার্থীর প্রচারে বাধা, তৃণমূলের বিরুদ্ধে কমিশনে নালিশ

মঙ্গলবার উদয়নারায়ণপুর বিধানসভার দক্ষিণ বিধিচন্দ্রপুরে নির্বাচনী প্রচার চালানোর সময় সিপিএম প্রার্থী ষষ্ঠী মাজিকে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সিপিএম প্রার্থীর দাবি, ছোট গাড়িতে মাইক লাগিয়ে প্রচারের সময় স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ আসরফ স্কুটিতে করে এসে তাঁদের পথ আটকানোর চেষ্টা করেন। এমনকি নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সামনেই এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত প্রচারের অনুমতিপত্র যাচাই করাকে কেন্দ্র করে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ ছিল, কমিশনের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই গ্রামে মাইক বাজিয়ে প্রচার চালানো হচ্ছিল। তবে সিপিএম নেতৃত্ব এই দাবি অস্বীকার করে জানিয়েছে, যথাযথ অনুমতি নিয়েই তাঁরা কর্মসূচী পরিচালনা করছিলেন। এই বিতর্ককে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সিপিএম প্রার্থী ষষ্ঠী মাজির অভিযোগ, আসন্ন নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই তৃণমূল সুপরিকল্পিতভাবে প্রচারে বিঘ্ন ঘটাচ্ছে। অন্যদিকে, উদয়নারায়ণপুর ব্লক তৃণমূল সভাপতি সমরেশ চোঙদার এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, প্রচার পাওয়ার লক্ষ্যে এবং পরাজয় নিশ্চিত জেনেই সিপিএম অযথা কুৎসা ছড়ানোর চেষ্টা করছে।