উত্তর ২৪ পরগনায় চাঞ্চল্য: বিয়ের চারদিন পরেই স্ত্রীকে ফেলে উধাও স্বামী

উত্তর ২৪ পরগনায় চাঞ্চল্য: বিয়ের চারদিন পরেই স্ত্রীকে ফেলে উধাও স্বামী

উত্তর ২৪ পরগনার শাসন থানার বকুণ্ডা গ্রামে বিয়ের মাত্র চারদিন পরেই স্ত্রীকে ফেলে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমডাঙার গজবন্ধ গ্রামের এক তরুণীর সঙ্গে গোকুন্দ গ্রামের ওই যুবকের সামাজিকভাবে ধুমধাম করে বিয়ে হয়েছিল। বিয়ের পর চারদিন শ্বশুরবাড়িতে কাটানোর পর নিয়ম মেনে দ্বিরাগমনে বাপের বাড়ি যান ওই তরুণী।

তরুণীর অভিযোগ, দ্বিরাগমন থেকে ফিরে এসে তিনি দেখেন শ্বশুরবাড়িতে তালা ঝুলছে এবং স্বামীসহ পরিবারের সকলে নিখোঁজ। বিয়ের সময় দেখেশুনে পছন্দ করলেও পরে স্বামী তাঁকে ‘অপছন্দ’ করার অজুহাতে বিচ্ছেদের জন্য চাপ দিতে শুরু করেন। ডিভোর্সে রাজি না হওয়ায় তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওই নববধূর।

বর্তমানে অসহায় ওই তরুণী তাঁর মায়ের সঙ্গে শাসন থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। সামাজিক বিয়ের পর এমন প্রতারণার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *