ইরান ইস্যুতে অস্বস্তিকর প্রশ্ন এড়াতে নারী সঞ্চালিকার রূপের স্তুতি ট্রাম্পের – বর্তমান নিউজ

লাইভ অনুষ্ঠানে ইরান সংক্রান্ত জটিল প্রশ্ন এড়াতে সঞ্চালিকার রূপের প্রশংসা করে ফের চর্চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের সঞ্চালিকা ডানা পেরিনো ইরানের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সংকট নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে তাঁর সৌন্দর্যের স্তুতি শুরু করেন। তিনি স্মৃতি চারণ করে জানান, কয়েক বছর আগের তুলনায় ডানা বর্তমানে আরও সুন্দরী হয়েছেন। রাজনৈতিক কেরিয়ারের ঝুঁকি নিয়ে রসিকতা করে তিনি বলেন, আজকাল কোনো নারীকে সুন্দর বলাও কঠিন হয়ে পড়েছে।
পরবর্তীতে অবশ্য ট্রাম্প ইরান প্রসঙ্গে মুখ খোলেন। তিনি দাবি করেন, সেখানের সাধারণ মানুষ প্রাণের ভয়ে কোনো প্রতিবাদ করতে পারছেন না। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে এবং আলোচনার প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে। মঙ্গলবার তিনি দাবি করেন, ইরান তাঁকে ‘উপহার’ পাঠিয়েছে, যা ইতিবাচক ইঙ্গিত বহন করছে।
এদিকে, ইরানে হামলার ক্ষেত্রে সাময়িক সংঘর্ষ বিরতির মেয়াদ পাঁচ দিন থেকে বাড়িয়ে ১০ দিন করেছেন ট্রাম্প। আগামী ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত কোনো হামলা চালাবে না মার্কিন সেনা। তবে আমেরিকার পক্ষ থেকে দেওয়া ১৫ দফা শর্ত ইরান মেনে নেবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর সংশয় তৈরি হয়েছে। বর্তমানে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চললেও অনিশ্চয়তা কাটেনি।