ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ট্রাম্প! তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন প্রেসিডেন্টের – বর্তমান নিউজ

ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ট্রাম্প! তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন প্রেসিডেন্টের – বর্তমান নিউজ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর সেই স্থলাভিষিক্ত হওয়ার জন্য তেহরান তাকে প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার একটি দলীয় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প জানান, বারবার অনুরোধ সত্ত্বেও তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গত মাসে খামেনেইয়ের মৃত্যুর পর তার পুত্র মোজতবা খামেনেই এই পদে আসীন হলেও ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় তার গুরুতর আহত হওয়ার খবর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানকে ‘সামরিক ধ্বংসযজ্ঞ’ হিসেবে অভিহিত করে ট্রাম্প ঘোষণা করেছেন যে এই যুদ্ধে আমেরিকা জয়লাভ করেছে। বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি দাবি করেন। ট্রাম্পের মতে, সে দেশের সরকার যুদ্ধ বন্ধ করতে চাইলেও অভ্যন্তরীণ জনরোষের ভয়ে তারা শঙ্কিত। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প ইতিপূর্বে ১৫ দফা শর্ত দিলেও ইরান তা সরাসরি নাকচ করে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের এই শান্তিপ্রস্তাবকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি সাফ জানিয়েছেন, আমেরিকার সঙ্গে কোনো প্রকার আপোস বা চুক্তিতে তারা যাবে না। ট্রাম্পের দাবিকে কটাক্ষ করে তিনি জানান, তেহরান কখনই ওয়াশিংটনের সাথে মানিয়ে চলবে না। বর্তমানে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং ইরানের পরমাণু কর্মসূচির ওপর কঠোর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *