ইমরান খানের সুচিকিৎসা ও সম্মানজনক আচরণের দাবিতে পাক সরকারকে যৌথ চিঠি বিশ্বজয়ী অধিনায়কদের

কারাবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের আশঙ্কাজনক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুনীল গাভাসকর ও কপিল দেবসহ বিশ্বের ১৪ জন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। সম্প্রতি জানা গেছে, জেলে অসুস্থ ইমরান তাঁর দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে পাকিস্তান সরকার নীরব থাকলেও তেহরিক-ই-ইনসাফ দল জীবনের ঝুঁকির আশঙ্কা করছে।
এই পরিস্থিতিতে অ্যালান বর্ডার, ক্লাইভ লয়েড ও স্টিভ ওয়ার মতো কিংবদন্তিরা পাক সরকারকে একটি যৌথ চিঠি দিয়েছেন। তাঁদের দাবি, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে ইমরান একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা এবং বিশ্ব ক্রিকেটের আইকন। তাই তাঁর প্রতি মানবিক ও সম্মানজনক আচরণ করা প্রশাসনের নৈতিক দায়িত্ব।
চিঠিতে অবিলম্বে ইমরানের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট মহলের এই নজিরবিহীন চাপ এখন পাকিস্তান সরকারকে ইমরান খানের মৌলিক অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বাধ্য করে কি না, সেটাই দেখার।