ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব কপিল-গাভাস্কারসহ ১৪ কিংবদন্তি অধিনায়ক

পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ১৪ জন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক। পাকিস্তান সরকারকে দেওয়া এক যৌথ চিঠিতে ভারতের সুনীল গাভাস্কার ও কপিল দেবসহ কিংবদন্তি ক্রিকেটাররা অবিলম্বে তার সুচিকিৎসার দাবি জানিয়েছেন। তালিকায় রয়েছেন স্টিভ ওয়া, অ্যালান বর্ডার এবং ক্লাইভ লয়েডের মতো বিশ্বখ্যাত তারকারা।
চিঠিতে বিশ্ব ক্রিকেটে ইমরানের অবদান স্মরণ করিয়ে দিয়ে জানানো হয়, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে তার সঙ্গে মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ করা উচিত। বিশেষ করে ৯২-এর বিশ্বকাপজয়ী এই অধিনায়কের দ্রুত হ্রাস পাওয়া দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। চিঠিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, নিয়মিত পারিবারিক সাক্ষাৎ এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য তিনটি নির্দিষ্ট দাবি জানানো হয়েছে।
এদিকে ইমরানের দল পিটিআই দাবি করেছে, তার ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান সরকার তাকে একটি বিশেষজ্ঞ চিকিৎসা প্রতিষ্ঠানে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে তার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সন্তানদের সঙ্গে কথা বলার অনুমতিও দেওয়া হয়েছে। এখন বিশ্ব ক্রিকেট মহলের নজর পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের দিকে।