ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র: বিস্ফোরক অভিযোগ বোনদের

পাকিস্তানের কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তাঁর দুই বোন আলিমা ও উজমা খান। আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর তাঁরা সরাসরি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং সেনাপ্রধান আসিম মুনিরের দিকে আঙুল তুলেছেন। তাঁদের দাবি, যথাযথ চিকিৎসার সুযোগ না দিয়ে ৭৩ বছর বয়সী এই ‘কাপ্তান’কে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
বর্তমানে ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক; জানা গেছে তিনি তাঁর দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন। শাহবাজ সরকার ব্যক্তিগত চিকিৎসক দেখানোর অনুমতি না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই প্রেক্ষাপটে সুনীল গাভাসকর ও কপিল দেবসহ বিশ্বের ১৪ জন কিংবদন্তি ক্রিকেটার পাক সরকারকে যৌথ চিঠি লিখে ইমরানের মৌলিক অধিকার ও সুচিকিৎসা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।
পারিবারিক অভিযোগ অনুযায়ী, জেলে ইমরানকে খুনের সুপরিকল্পিত ছক কষা হচ্ছে। উজমা খান জানিয়েছেন, ইমরান নিজেও তাঁর প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অমূলক বলে উড়িয়ে দিয়েছেন। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে কিংবদন্তি এই ক্রিকেটারের নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ।