আরজি কর লিফ্ট-কাণ্ড: অভিযুক্তদের পুলিশি হেফাজত, গাফিলতির অভিযোগে সরব সরকারি আইনজীবী – বর্তমান নিউজ

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন শিশুর পরিজন অরূপ দত্তের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ধৃত পাঁচ অভিযুক্তকে আগামী ১ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের মধ্যে তিনজন লিফ্টম্যান ও দুজন নিরাপত্তারক্ষী রয়েছেন। শুক্রবার আদালতে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা এই ঘটনাকে ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করে জামিনের আবেদন জানালেও আদালত তা মঞ্জুর করেনি।
জামিনের বিরোধিতা করে সরকারি কৌশলী আদালতে জানান, নির্দিষ্ট লাইসেন্সপ্রাপ্ত লিফ্টম্যানরা ঘটনার সময় নিজেদের দায়িত্ব ছেড়ে লিফ্ট ফাঁকা রেখে চলে গিয়েছিলেন। এমনকি দুর্ঘটনার পর তালা খুলতেও দীর্ঘ সময় ব্যয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের আইনজীবীও এই মৃত্যুকে চরম গাফিলতির ফল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকল রক্ষীর ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন।
গত শুক্রবার ভোরে আরজি করের লিফ্ট থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় অরূপকে, পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্টে তাঁর শরীরে একাধিক হাড় ভাঙা ও অভ্যন্তরীণ অঙ্গ ফেটে যাওয়ার প্রমাণ মিলেছে। হাসপাতালের সুপারের অভিযোগের ভিত্তিতে টালা থানায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে, যার তদন্ত চালাচ্ছে লালবাজারের হোমিসাইড শাখা।