আমেরিকার হামলায় পালটা হুঁশিয়ারি: বাব এল-মান্দাব প্রণালী অবরোধের পথে ইরান – বর্তমান নিউজ

আমেরিকা ইরানের ওপর সামরিক চাপ বৃদ্ধি করলে আন্তর্জাতিক সমুদ্রপথে ‘নতুন ফ্রন্ট’ খোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সম্প্রতি মার্কিন ও ইজরায়েলি যৌথ হামলার পর উত্তেজনা তুঙ্গে পৌঁছালে ইরান জানায়, দক্ষিণ ইরানে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হলে বাব এল-মান্দাব প্রণালীতে অচলাবস্থা তৈরি করা হতে পারে। লোহিত সাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থল এই গুরুত্বপূর্ণ জলপথটি অবরুদ্ধ হলে বিশ্ব বাণিজ্যে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
ইরানের সামরিক সূত্রের দাবি, হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে তার প্রভাব অন্য নৌপথগুলোতেও পড়বে। বিশেষ করে আসালুয়ে-এর সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলার পর তেহরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তি ব্যবহার করে পালটা জবাব দিতে প্রস্তুত। বর্তমানে হরমুজ দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবাহিত হয়, যা বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সংঘাতের পরিধি ক্রমশ বাড়তে থাকায় পশ্চিমী দেশগুলো সমুদ্রপথ সুরক্ষিত রাখার চেষ্টা করছে। তবে বিশ্লেষকদের মতে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমন করতে গিয়ে বিপুল অর্থ ব্যয়ের পরও জাহাজ চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। ইরানের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ও উপকূলীয় মাইনের উপস্থিতিতে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে, যা বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে।