আবু ধাবিতে মিসাইল হানা: ইরানি ক্ষেপণাস্ত্রে প্রাণ হারালেন ৫ ভারতীয় নাগরিক – বর্তমান নিউজ

মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাতের জেরে ফের বিপাকে প্রবাসী ভারতীয়রা। শনিবার সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে অবস্থিত খালিফা অর্থনৈতিক এলাকায় একটি মিসাইল হানা প্রতিহত করে স্থানীয় প্রশাসন। তবে আকাশেই ধ্বংস করা ক্ষেপণাস্তরের ভাঙা টুকরো বা ধ্বংসাবশেষ ছিটকে পড়ে ওই এলাকায় কর্মরত ৫ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আহতদের বর্তমান অবস্থা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত জানায়নি প্রশাসন।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন হামলায় ইরানের শীর্ষ নেতা খামেনেই নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত। এর প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ও সহযোগী দেশের ঘাঁটিগুলিতে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন বাহিনীর হামলায় ইরানের নৌ ও বিমানবাহিনী প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং খামেনেইয়ের উত্তরসূরি মোজতাবা খামেনেইও নিহত হয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানিয়েছেন, যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইরান এখন আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। যদিও তেহরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা আলোচনার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। আবুধাবি প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের এই স্পর্শকাতর পরিস্থিতিতে কোনো ধরণের গুজব বা ভুল তথ্য না ছড়ানোর জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।