আবিরের রঙে মাতবে মহিষাদল: বসন্ত উৎসবের প্রস্তুতি তুঙ্গে

শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান মহিষাদলে শুরু হয়েছে ১৭তম বসন্ত উৎসবের কাউন্টডাউন। আগামী ৩ মার্চ মহিষাদল রাজবাড়ির ঐতিহাসিক আম্রকুঞ্জে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় প্রেস কর্নার। গত বুধবার খুঁটি পুজোর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সুবিধার্থে গাইড ম্যাপ ও বাইক স্ট্যান্ডের জন্য কিউআর কোড চালু করা হয়েছে।
এবারের উৎসবে কলকাতা ও বিভিন্ন জেলা থেকে আগত ২৭টি দলের প্রায় ৩০০ শিল্পী অংশ নেবেন। সকাল ৭টায় ‘বৈতালিক’-এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে চলবে দুপুর পর্যন্ত। শান্তিনিকেতনের আদলে আয়োজিত এই উৎসবে রবীন্দ্রসংগীত, কবিতা এবং পুরুলিয়ার ধামসা-মাদলের তালে ভেষজ আবিরে মেতে উঠবেন লক্ষাধিক মানুষ। সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা শেষে মঞ্চ মাতাবে লোকসংগীত ব্যান্ড ‘লালনতরী’।
আয়োজক সংস্থা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পুলিশি নজরদারি ও যানজট মুক্ত শহর গড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিন রাজ্য ও বিদেশের পর্যটকদের আগমনে এবার জনসমাগম রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশাবাদী উদ্যোক্তারা। ঐতিহ্যের এই মহামিলন উৎসবে সকলকে শামিল হওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।