আদালত চত্বরেই বিয়ের সানাই! কাঠগড়া থেকে সরাসরি জীবনসঙ্গী, কী ঘটেছিল বনগাঁয়? – বর্তমান নিউজ
February 11, 2026
বনগাঁ মহকুমা আদালত চত্বরে বুধবার এক বিরল বিয়ের সাক্ষী থাকলেন সকলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে চার মাস ধরে শ্রীঘরে ছিলেন গাইঘাটার এক যুবক। তবে নির্যাতিতা নাবালিকা সম্প্রতি আঠারো বছরে পা দেওয়ায় এবং আদালতের বিশেষ শর্তে দুই পরিবার এই বিয়েতে সম্মতি দেয়। আইনজীবীদের উপস্থিতিতেই সরকারি চত্বরে কাজী ডেকে সম্পন্ন হয় তাঁদের নিকাহ।
আইনি জটিলতা কাটাতে বিয়ের শর্তেই অবশেষে কারামুক্তি পেলেন ওই যুবক। নদীয়ার বাসিন্দা ওই তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই এর আগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তবে বুধবার দুই পরিবারের সম্মতিতে আইনি লড়াইয়ের তিক্ততা মুছে চার হাত এক হলো আদালত চত্বরেই। এমন নাটকীয় মোড় এবং অভিযুক্ত ও অভিযোগকারিণীর চার হাত এক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।