আকাশে ড্রোন দেখেই দে ছুট! জানলা দিয়ে টুকলি সাপ্লাইয়ে হুলুস্থুল কাণ্ড পরীক্ষাকেন্দ্রে – বর্তমান নিউজ

পরীক্ষায় গণটোকাটুকি রুখতে ড্রোন নামাতেই মহারাষ্ট্রের বিড জেলায় ধরা পড়ল চাঞ্চল্যকর দৃশ্য। দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা চলাকালীন দেখা যায়, জীবনের ঝুঁকি নিয়ে জানলায় ঝুলে পরীক্ষার্থীদের টুকলি সরবরাহ করছেন খোদ অভিভাবক ও আত্মীয়রা। তবে মাথার ওপর ড্রোনের নজরদারি টের পেতেই মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে চম্পট দেন তারা। ২০১৫ সালের বিহারের সেই বহুল চর্চিত গণটোকাটুকির স্মৃতি উস্কে দেওয়া এই ঘটনায় ইতিমধেই তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর।
অন্যদিকে, প্রযুক্তির অপব্যবহার করে টুকলির নতুন হাতিয়ার হিসেবে উঠে আসছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। বাংলার মাধ্যমিক পরীক্ষাতেও মোবাইল ফোন ও এআই টুলস ব্যবহার করে উত্তর খোঁজার সময় হাতেনাতে ধরা পড়েছে বেশ কিছু পরীক্ষার্থী, যার ফলে বাতিল হয়েছে তাদের পরীক্ষা। পর্ষদের কড়া নির্দেশিকা ও সিসিটিভি নজরদারি থাকা সত্ত্বেও অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অসাধু উপায় অবলম্বনের এই ক্রমবর্ধমান প্রবণতা এখন শিক্ষা মহলের দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।