আকাশে এক ঘণ্টা চক্কর: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় অবতরণ করল মুখ্যমন্ত্রীর বিমান – বর্তমান নিউজ
বীরভূম সফর শেষ করে কলকাতা ফেরার পথে প্রবল দুর্যোগের মুখে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বৃহস্পতিবার বিকেলে অন্ডাল থেকে ওড়া বিশেষ বিমানটির নির্ধারিত সময় অনুযায়ী ৪টে ১০ মিনিটে দমদম বিমানবন্দরে নামার কথা ছিল। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে নির্দিষ্ট সময়ে অবতরণ করতে না পেরে আকাশেই চক্কর কাটতে থাকে চার্টার্ড বিমানটি।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিকেলে দমদম ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় ১২ কিলোমিটার উচ্চতার বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ায় শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। এর ফলে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমানটি রানাঘাট, সোনারপুর ও ডায়মন্ড হারবারের ওপর দীর্ঘক্ষণ চক্কর কাটতে বাধ্য হয়। ঝড়ের তীব্রতায় বিমানবন্দরের সামনে মুখ্যমন্ত্রীর জন্য নির্মিত অস্থায়ী সামিয়ানাটিও ক্ষতিগ্রস্ত হয়।
অবশেষে আকাশপথে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট অপেক্ষার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিকেল ৫টা ১৮ মিনিটে বিমানটি নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এটিসি রাডার চিত্রে বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। উত্তর ২৪ পরগনা ও আশেপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাস আগেই ছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।