আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ: মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের – বর্তমান নিউজ

আমেরিকার আরও একটি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। তেহরানের অভিযোগ, মার্কিন বিমানটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে আইআরজিসি-র পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
সাম্প্রতিক কয়েক দিনে ইরান একের পর এক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে আসছে। এর আগে এফ-৩৫ এবং এফ-১৫ বিমান ভূপাতিত করার দাবিও করেছিল তারা। আইআরজিসি-র মতে, হরমুজ প্রণালীর কাছে একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করা হয়। ইরান সরকারের দাবি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে তারা এ পর্যন্ত মোট ১৭টি মার্কিন বিমান ধ্বংস করেছে।
অন্যদিকে, ইরানের এই দাবিগুলোকে শুরু থেকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। যদিও একটি এফ-৩৫ বিমানের জরুরি অবতরণের কথা স্বীকার করেছে তারা, তবে সেটিকে যান্ত্রিক ত্রুটি হিসেবেই দেখছে আমেরিকা। দুই দেশের এই পাল্টাপাল্টি দাবিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম উত্তেজনা বিরাজ করছে।