আই-প্যাক মামলা: সুপ্রিম কোর্টে শুনানি পিছোল, ইডিকে তীব্র আক্রমণ অধীরের

কলকাতায় আই-প্যাক অফিসে ইডির তল্লাশি ঘিরে রাজ্য-কেন্দ্র আইনি লড়াই গড়াল সুপ্রিম কোর্টে। বুধবার শীর্ষ আদালতে ইডি দাবি করেছে, তাদের অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়; বরং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দীর্ঘ সওয়াল-জবাব শেষে আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১৮ মার্চ।
এর আগে হলফনামা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি কোনো নথিতে হাত দেননি, কেবল তৃণমূলের প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছিলেন। ইডি অফিসারদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে আগেই স্থগিতাদেশ দিয়েছে আদালত। আই-প্যাক অফিস থেকে বলপ্রয়োগ করে নথি সংগ্রহের যে অভিযোগ ইডি তুলেছে, তা অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী।
এদিকে মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র আক্রমণ করেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ইডিকে ‘ইডিয়ট’ ও ‘গাধা’ বলে সম্বোধন করে তিনি তাদের ভূমিকার কঠোর সমালোচনা করেন। ১৮ মার্চের পরবর্তী শুনানির দিকেই এখন তাকিয়ে রয়েছে দেশের রাজনৈতিক মহল।