আই-প্যাক মামলা: সুপ্রিম কোর্টে ইডির হলফনামা ঘিরে তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত

কলকাতায় আই-প্যাক অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশিকে কেন্দ্র করে আইনি লড়াই এবার সুপ্রিম কোর্টে পৌঁছাল। বুধবার শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় ইডি দাবি করেছে, এই অভিযান কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। উলটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়া এবং বলপূর্বক অফিসে প্রবেশের বিস্ফোরক অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সংস্থাটি।
ইডির দাবি অনুযায়ী, তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে আধিকারিকদের কাজে বিঘ্ন ঘটান, যা মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। এর আগে ৩ ফেব্রুয়ারি পালটা হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত অভিযোগ খারিজ করে জানান, তিনি কোনো নথিতে হাত দেননি, বরং কেবল তৃণমূলের প্রয়োজনীয় কিছু নথিপত্র সংগ্রহ করেছিলেন। ইডি আধিকারিকদের বিরুদ্ধে হওয়া এফআইআরে শীর্ষ আদালত আগেই স্থগিতাদেশ দিয়েছে।
বুধবার শুনানিতে দু-পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ চলে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যকে ভয় দেখানোর অভিযোগ আনা হয়, অন্যদিকে রাজ্য একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে। দীর্ঘ সওয়াল-জবাব শেষে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৮ মার্চ। ফলে আই-প্যাক সংক্রান্ত এই টানাপোড়েন আপাতত ঝুলেই রইল।