আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ ঈশানের, প্রথম দশে তিন ভারতীয় ব্যাটার

পাকিস্তানের বিপক্ষে ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংসের পুরস্কার পেলেন ঈশান কিষান। আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। বর্তমানে ৭৩২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি তালিকার অষ্টম স্থানে রয়েছেন। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ঈশান ইতিমধ্যে দুটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।
ব্যাটারদের তালিকায় ৮৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ডের ফিল সল্ট ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। এছাড়া শীর্ষ দশে ভারতের তিলক বর্মা চতুর্থ এবং সূর্যকুমার যাদব সপ্তম স্থানে অবস্থান করছেন। দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটনও বড় উন্নতি করে ১১ নম্বরে উঠে এসেছেন।
বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। আফগানিস্তানের রশিদ খান এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তবে বোলারদের শীর্ষ দশে অন্য কোনো ভারতীয় নেই। অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং যথাক্রমে ১৪, ১৫ ও ১৬তম স্থানে রয়েছেন।