আইপিএল ২০২৬: চোটের কারণে প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি – বর্তমান নিউজ

আসন্ন আইপিএল ২০২৬ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে বড়সড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস (সিএসকে) শিবির। পায়ের চোটের কারণে দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা মহেন্দ্র সিং ধোনি টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না। শনিবার চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী সোমবার গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সিএসকে তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে।
চেন্নাই সুপার কিংস জানিয়েছে, বর্তমানে ধোনির পায়ের চোটের চিকিৎসা চলছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। ধোনির অনুপস্থিতিতে উইকেটের পেছনে দস্তানা হাতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। গত বছরের মিনি নিলামের আগে ট্রেডিংয়ের মাধ্যমে সিএসকে-তে যোগ দেওয়া সঞ্জুকে ইতিমধ্যেই ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, সঞ্জুকে দলে নিতে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনের মতো দুই তারকা অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছিল চেন্নাই।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি গত মরশুমে চেন্নাইয়ের হয়ে ১৪টি ম্যাচ খেলে ১৩৫.১৭ স্ট্রাইক রেটে ১৯৬ রান করেছিলেন। গতবার চোটের কারণে অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড় অনুপস্থিত থাকায় ধোনিই দলের নেতৃত্ব সামলেছিলেন। চলতি মরশুমে শুরুতেই ধোনির এই চোট ফ্র্যাঞ্চাইজির উদ্বেগ বাড়ালেও, সঞ্জু স্যামসনের মতো অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি সমর্থকদের কিছুটা স্বস্তি দিচ্ছে। ধোনির দ্রুত প্রত্যাবর্তনই এখন চেন্নাই শিবিরের প্রধান লক্ষ্য।