আইপিএল ২০২৬: চোটের কবলে মহেন্দ্র সিং ধোনি, প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল সিএসকে – বর্তমান নিউজ

২০২৬ আইপিএল মরসুম শুরু হতেই বড়সড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস শিবির। ৩০ মার্চ গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই খেলতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি। পেশির চোটের কারণে তিনি বর্তমানে ম্যাচ ফিট নন বলে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে। ধোনির এই অনুপস্থিতি সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।
সূত্রের খবর অনুযায়ী, সম্পূর্ণ সুস্থ হতে ধোনির অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। এর ফলে তিনি আইপিএলের প্রথম ৪ থেকে ৬টি ম্যাচে মাঠের বাইরে থাকতে পারেন। রাজস্থান রয়্যালস ছাড়াও পাঞ্জাব কিংস, আরসিবি এবং কেকেআরের মতো গুরুত্বপূর্ণ দলগুলোর বিরুদ্ধে ম্যাচেও তাঁকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। ধোনি দ্রুত সুস্থ হয়ে উঠলে ১৪ এপ্রিলের পর মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
ধোনির অনুপস্থিতিতে চেন্নাইয়ের উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। ট্রেড উইন্ডোর মাধ্যমে দলে আসা সঞ্জু এবারই প্রথম হলুদ জার্সিতে মাঠে নামবেন। বিকল্প উইকেটকিপার হিসেবে দলে কার্তিক শর্মা ও উরভিল প্যাটেল থাকলেও অভিজ্ঞ সঞ্জুর ওপরই ভরসা রাখছে ম্যানেজমেন্ট। ধোনি না ফেরা পর্যন্ত দলের ব্যাটিং ও কিপিংয়ের গুরুদায়িত্ব সামলাবেন কেরালা তনয়।