আইপিএল ২০২৬ এক বছরের বিরতি কাটিয়ে আজ মাঠে নামছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার – বর্তমান নিউজ

গত আইপিএল ফাইনালের পর দীর্ঘ এক বছর টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে ছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। আজ মুল্লানপুরে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরছেন তিনি। গত মরসুমে ১৭ ম্যাচে ৬০৪ রান করা এই তারকা ব্যাটারের দীর্ঘ অনুপস্থিতি দলের ছন্দে কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা।
প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু অবশ্য শ্রেয়সের অভিজ্ঞতা ও মানসিক শক্তির ওপর ভরসা রাখছেন। তাঁর মতে, অনুশীলনের অভাব থাকলেও অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব শ্রেয়সকে দ্রুত ছন্দে ফিরতে সাহায্য করবে। তবে মুল্লানপুরের মাঠে শ্রেয়সের অতীতের পরিসংখ্যান কিছুটা উদ্বেগজনক, কারণ এই ভেন্যুতে ৫ ম্যাচে তিনি করেছেন মাত্র ২৭ রান। রায়ডু পরামর্শ দিয়েছেন, ইনিংসের ভিত মজবুত করতে শ্রেয়সের তিন নম্বরেই ব্যাটিং করা উচিত।
পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিংও চাইছেন অধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিন। গতবার শিরোপার খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছিল পাঞ্জাবের। এবার সেই আক্ষেপ মিটিয়ে ট্রফি জয়ের লক্ষ্যে আজ থেকে অভিযান শুরু করছেন শ্রেয়স। তাঁর ব্যাটিং পজিশন এবং স্ট্রাইক রেট বজায় রাখাই হবে আজকের ম্যাচে পাঞ্জাবের প্রধান চ্যালেঞ্জ।