আইপিএল ১৯: চিন্নাস্বামীতে খেতাব রক্ষার লড়াইয়ে হায়দরাবাদের মুখোমুখি চ্যাম্পিয়ন বেঙ্গালুরু – বর্তমান নিউজ

শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৯তম আসর। উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছেন বিরাট কোহলিরা। দলের লক্ষ্য এবার ট্রফি ধরে রাখা। তবে জশ হ্যাজলউড ও যশ দয়ালের অনুপস্থিতিতে পেস বোলিং বিভাগ নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে রজত পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি। অন্যদিকে, প্যাট কামিন্সের অনুপস্থিতিতে হায়দরাবাদের অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলাবেন ফর্মে থাকা ঈশান কিষান।
দুই দলেই ব্যাটিং শক্তির আধিক্য নজরকাড়া। বেঙ্গালুরু শিবিরে বিরাট কোহলির সঙ্গে ফিল সল্ট, টিম ডেভিড ও জেকব বেথেলরা থাকলেও বিদেশি কোটা পূরণে হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বোলিংয়ের দায়িত্ব থাকছে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের কাঁধে। বিপরীতে সানরাইজার্স হায়দরাবাদে ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিখ ক্লাসেনের মতো বিধ্বংসী ব্যাটাররা রয়েছেন। পরিসংখ্যানে হায়দরাবাদ এগিয়ে থাকলেও ঘরের মাঠে চ্যাম্পিয়ন সুলভ পারফরম্যান্স দেখিয়ে ব্যবধান কমাতে মরিয়া আরসিবি।
এবারের উদ্বোধনী ম্যাচটি আবেগের দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। গত জুনে চিন্নাস্বামীতে এক দুর্ঘটনায় প্রাণ হারানো ১১ জন ক্রিকেটপ্রেমীর স্মরণে গ্যালারিতে ১১টি আসন ফাঁকা রাখা হচ্ছে। শোকাতুর সেই স্মৃতিকে সঙ্গী করেই কড়া নিরাপত্তার মধ্যে শুরু হচ্ছে কুড়ি-বিশের এই মহাযুদ্ধ। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত সানরাইজার্স ১৪-১১ ব্যবধানে এগিয়ে থাকলেও, মাঠের লড়াইয়ে সমানে সমান টক্কর হওয়ার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।