অষ্টম বেতন কমিশন: ১৮ মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ কেন্দ্রের – বর্তমান নিউজ

অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের পর এবার প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা স্পষ্ট করল মোদী সরকার। লোকসভায় এক লিখিত প্রশ্নে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানিয়েছেন, কমিশন গঠনের ১৮ মাসের মধ্যেই তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। ২০২৫ সালের ৩ নভেম্বর এই কমিশন গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বর্তমানে চেয়ারপার্সন ও সদস্যদের নিয়োগের মাধ্যমে কমিশন পূর্ণাঙ্গভাবে সক্রিয় হয়ে উঠেছে এবং নয়াদিল্লির কার্যালয় থেকে কাজ শুরু করেছে।

এই কমিশন মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, মহার্ঘ ভাতা (ডিএ), পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। সরকার জানিয়েছে, কমিশনের সুপারিশগুলো হাতে পাওয়ার পরেই এর আর্থিক প্রভাব এবং বাস্তবায়নের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর ফলে লক্ষ লক্ষ কর্মরত কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষিত বেতন বৃদ্ধির রূপরেখা এখন অনেকটাই স্পষ্ট।

এদিকে, প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে অংশীজনদের থেকে পরামর্শ নেওয়ার সময়সীমা ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। MyGov পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট ১৮টি প্রশ্নের ভিত্তিতে কর্মচারী সংগঠন ও সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারবেন। ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো খতিয়ে দেখে কমিশন তাদের সুপারিশ জমা দেবে, যার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে ভবিষ্যতের সংশোধিত বেতনক্রম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *