অষ্টম বেতন কমিশন: বছরের শেষেই কি মিলবে বর্ধিত বেতন? সরকারি তথ্যে মিলল ইঙ্গিত – বর্তমান নিউজ

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে সরকার। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ২০২৫ সালের ৩ নভেম্বর এই কমিশন গঠিত হয়েছে এবং ১৮ মাসের মধ্যে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে MyGov পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে মতামত গ্রহণের প্রক্রিয়া চলছে, যার সময়সীমা ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত নির্ধারিত হয়েছে।
কমিশন গঠনের প্রক্রিয়া চললেও এর কার্যকারিতার সময়সীমা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে বিশেষজ্ঞদের মতে, নিয়মানুযায়ী এই বেতন বৃদ্ধি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। যদিও প্রশাসনিক প্রক্রিয়া এবং প্রতিবেদন পর্যালোচনার কারণে প্রকৃত বর্ধিত অর্থ কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে ২০২৬ সালের শেষ নাগাদ বা ২০২৬-২৭ অর্থবর্ষ পর্যন্ত সময় লেগে যেতে পারে। সে ক্ষেত্রে বকেয়া বা এরিয়ার হিসেবে প্রাপ্য টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বেতন বৃদ্ধির হার প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও অতীতের প্রবণতা বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের অভিজ্ঞতার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ২.৪ থেকে ৩ ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে বেতন ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী কয়েকমাসের মুদ্রাস্ফীতি, সরকারি রাজস্ব এবং অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে।