অষ্টম বেতন কমিশন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩৫ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা – বর্তমান নিউজ
অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের মাধ্যমে সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সম্প্রতি সংসদে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ২০২৫ সালের ৩ নভেম্বর এই কমিশন আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। বেতন, ভাতা ও পেনশন সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য কমিশনকে ১৮ মাস সময় দেওয়া হয়েছে। নতুন এই কাঠামো কার্যকর হলে কর্মীদের মূল বেতন ও ডিএ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে বিভিন্ন মহলের মতামত গ্রহণ করছে কমিশন। ‘MyGov’ পোর্টালে ১৮টি প্রশ্নের একটি বিশেষ প্রশ্নাবলীর মাধ্যমে আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টর ও মুদ্রাস্ফীতির ওপর ভিত্তি করে কর্মীদের বেতন ২০% থেকে ৩৫% পর্যন্ত বাড়তে পারে। এতে উপকৃত হবেন কয়েক লক্ষ কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগী।
তাত্ত্বিকভাবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা থাকলেও, বাস্তবে তা বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের শেষ নাগাদ বা ২০২৭ সালের শুরুতে বর্ধিত বেতন হাতে পেতে পারেন কর্মীরা। তবে নিয়ম অনুযায়ী, কার্যকরী হওয়ার তারিখ থেকে বকেয়া বা এরিয়ারসহ এই টাকা প্রদান করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও কর আদায়ের হারের ওপর।