অলচিকি বিতর্ক: মমতার মন্তব্যে আদিবাসী অপমানের অভিযোগে সরব বিজেপি – বর্তমান নিউজ

পুরুলিয়ার কাশীপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় অলচিকি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। সভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী অলচিকিকে ‘ভাষা’ হিসেবে উল্লেখ করলে মঞ্চে উপস্থিত স্থানীয় নেতা হংসেশ্বর মাহাতো তা সংশোধন করে ‘লিপি’ বলার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী তাকে থামিয়ে দেন এবং নিজের অবস্থানে অনড় থাকেন। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা অমিত মালব্য এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, মুখ্যমন্ত্রী জনসমক্ষে আদিবাসী সমাজ ও তাদের লিপিকে অপমান করেছেন। জঙ্গলমহলের নেতাদের প্রতি এই আচরণকে ‘ঘৃণ্য’ বলে অ্যাখ্যা দিয়েছে গেরুয়া শিবির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্কের রেশ টেনেই বিজেপি পুনরায় শাসকদলকে আদিবাসী-বিরোধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেস বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী জানিয়েছেন, যারা বাংলা ভাষা বা মনিষীদের নিয়ে প্রতিনিয়ত ভুল তথ্য দেন, তাদের কাছ থেকে ভাষা শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। তৃণমূলের দাবি, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষুদ্র বিষয়কে বড় করে দেখাচ্ছে। অলচিকি ও আদিবাসী আবেগ নিয়ে দুই শিবিরের এই বাগযুদ্ধ এখন রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।