অরুণাচলের নতুন প্রজাতির প্রজাপতি এবার জুবিন গর্গের নামে – বর্তমান নিউজ

অরুণাচল প্রদেশের সিয়াং জেলার বাসার বনাঞ্চলে এক বিরল প্রজাতির প্রজাপতির সন্ধান পেয়েছেন গবেষক রোশন উপাধ্যায় এবং কালেশ সদাশিভান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ মিটার উচ্চতায় চিরসবুজ অরণ্যের ছায়াযুক্ত এলাকায় এই নতুন পতঙ্গটির দেখা মিলেছে। অলিভ-বাদামি ডানায় সাদা নকশা ও উজ্জ্বল আভার এই বিশেষ প্রজাপতিটি মূলত গাছের রস খেয়ে জীবনধারণ করে।
গবেষণায় প্রমাণিত হয়েছে যে এটি ‘ইউথালিয়া’ গোষ্ঠীর একটি সম্পূর্ণ নতুন প্রজাতি। প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রজাপতিটির বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে ‘ইউথালিয়া জুবিনগর্গি’। শিল্পীর মৃত্যুর ছয় মাস অতিক্রান্ত হলেও তাঁর প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অটুট রাখতেই বিজ্ঞানীদের এই অভিনব উদ্যোগ।
প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধনে এই নামকরণ ওই অঞ্চলের জীববৈচিত্র্যকে বিশ্বমঞ্চে এক নতুন পরিচিতি দিয়েছে। উল্লেখ্য, এর আগেও মানস জাতীয় উদ্যানে আবিষ্কৃত একটি নতুন প্রজাতির উদ্ভিদের নামকরণ করা হয়েছিল এই জনপ্রিয় শিল্পীর নামে। এই ধরণের সম্মাননা একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে উৎসাহ জোগায়, অন্যদিকে প্রিয় শিল্পীকে মানুষের স্মৃতিতে চিরকাল অমলিন করে রাখে।