অযোগ্য সাংসদ ও বিধায়কদের বিদায় জানানোর ক্ষমতা পাবেন ভোটাররা

নিউজ ডেস্ক : আম জনতা ভোট দিয়ে নেতা জেতানোর পর অনেক সময়ই দেখা যায় সেই নির্বাচিত প্রতিনিধি আর এলাকার উন্নয়নে নজর দিচ্ছেন না। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে রাজ্যসভায় ‘রাইট টু রিকল’ বা প্রত্যাহারের অধিকার চালুর দাবি তুলেছেন রাঘব চড্ডা। এই ব্যবস্থা চালু হলে পাঁচ বছরের নির্দিষ্ট মেয়াদের আগেই অযোগ্য জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়ার ক্ষমতা আসবে সাধারণ মানুষের হাতে। ফলে ভুল প্রার্থী নির্বাচনের কারণে কোনো অঞ্চল পিছিয়ে পড়ার ভয় থাকবে না এবং রাজনৈতিক দলগুলোও যোগ্য প্রার্থী দিতে বাধ্য হবে।
এই ‘গণতান্ত্রিক বিমা’ সাধারণ মানুষকে নেতা নির্বাচনের পর অসহায় হয়ে থাকা থেকে মুক্তি দেবে। বিশ্বের ২৪টি দেশে এই নিয়ম চালু থাকলেও ভারতে বর্তমানে শুধু পঞ্চায়েত স্তরে কিছু রাজ্যে এই সুযোগ রয়েছে। আম আদমি পার্টির প্রস্তাব অনুযায়ী, নির্বাচিত নেতার কাজের সঠিক মূল্যায়ন না হলে ভোটারদের স্বাক্ষর ও ৫০ শতাংশ জনসমর্থনের ভিত্তিতে তাঁকে পদ থেকে সরানো সম্ভব হবে। এতে জনপ্রতিনিধিদের জবাবদিহি বাড়বে এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আরও শক্তিশালী হবে।