অন্ধ্রপ্রদেশে বাস ও লরির ভয়াবহ সংঘর্ষে মৃত ১৩, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর – বর্তমান নিউজ

অন্ধ্রপ্রদেশে বাস ও লরির ভয়াবহ সংঘর্ষে মৃত ১৩, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর – বর্তমান নিউজ

অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মার্কাপুরমে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ছয়টা নাগাদ পাথর বোঝাই একটি লরির সঙ্গে যাত্রীবাহী বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, তেলেঙ্গানার জগতিয়াল থেকে পোডিলি যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে এবং মুহূর্তের মধ্যে দুটি যানবাহনই ভস্মীভূত হয়ে যায়।

এই দুর্ঘটনায় আরও প্রায় ২০ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত মার্কাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। মার্কাপুরের ডিএসপি হর্ষবর্ধন রাজু জানিয়েছেন, সংঘর্ষের পর বিকট শব্দে বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে হতাহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *