অতিরিক্ত কাজের চাপ: শ্রীরামপুরে গঙ্গার মাঝ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বিএলও-র

অতিরিক্ত কাজের চাপের জেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বিএলও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। টিটাগড়ের বাসিন্দা পেশায় শিক্ষক মহম্মদ কায়ামুদ্দিন শ্রীরামপুর ফেরিঘাটে লঞ্চ থেকে আচমকা গঙ্গায় ঝাঁপ দেন। তবে ফেরি কর্মীদের তৎপরতায় তাঁকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ব্যাগে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র এবং এসআইআর-এর ফর্ম উদ্ধার করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর তথ্য আপলোড করার মানসিক চাপে বিধ্বস্ত ছিলেন ওই শিক্ষক। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বাগদাতেও সম্প্রতি এক বিএলও অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে মাঠ পর্যায়ের কর্মীদের ওপর অত্যধিক কাজের চাপের অভিযোগ বারেবারে সামনে আসছে। এই ঘটনার পর প্রশাসনিক স্তরে কাজের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।