অজেয় থেকে অসহায়: অহংকার ও ট্রফি অবমাননায় অজিদের ভরাডুবি

বিশ্ব ক্রিকেটে একসময়ের মহাশক্তিধর অস্ট্রেলিয়া এখন খাদের কিনারায়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ট্রফিতে পা রেখে মিচেল মার্শের উদযাপনের ছবি ক্রিকেট ভক্তদের ক্ষুব্ধ করেছিল। নেটিজেনদের মতে, সেই ঔদ্ধত্যই আজ অজিদের পতনের মূল কারণ। সাম্প্রতিক বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের, এমনকি জিম্বাবোয়ের মতো দলের কাছেও হারতে হয়েছে প্যাট কামিন্সদের।
অস্ট্রেলিয়ার এই ব্যর্থতার ধারা কেবল পুরুষ দলেই সীমাবদ্ধ নেই। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার ছাড়াও অ্যালিসা হিলির নেতৃত্বাধীন মহিলা ব্রিগেডও ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। একের পর এক বড় টুর্নামেন্টে এই ভরাডুবি অজি ক্রিকেটে চরম ট্রফিখরা তৈরি করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের দাবি, ট্রফি অবমাননা ও অতিরিক্ত অহংকারের ‘পাপের ফল’ ভুগছে এই সফলতম দলটি। নেটদুনিয়ার মতে, ক্রিকেট বিধাতা সম্ভবত তাদের এই ঔদ্ধত্য পছন্দ করেননি। একসময়ের ত্রাস সৃষ্টি করা অজেয় ক্যাঙ্গারু বাহিনী আজ টুর্নামেন্ট থেকে রিক্ত হাতে বিদায় নিয়ে অসহায়ত্বের চরম শিখরে পৌঁছেছে।